জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন, বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীদের পথে পথে গ্রেফতার, বাধা ও হামলা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।
বুধবার (১২ জুলাই) ঢাকার পল্টনের সমাবেশে যোগ দেওয়ার পথে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ জেলা ছাত্রদলের ১৩ জন নেতাকে আটক করা হয়েছে বলে জানান শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘তাদের আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে গেছে পুলিশ। অন্যদিকে মাদারীপুর থেকে ঢাকার সমাবেশে আসার পথে পদ্মা সেতু দক্ষিণ থানায় নিয়ে গেছে দুইটি বাসসহ নেতাকর্মীদের।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরী বিভিন্ন গণমাধ্যমে বলেন, ‘বিএনপির সমাবেশের কারণে সাভারের বলিয়ারপুর থেকে ঢাকাগামী রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে ঢাকা আরিচা মহাসড়কে। সাভার থেকে পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছে মানুষ।’
তিনি বলেন, ‘এ ঘটনায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুল আলম সেলিম জানান, ঢাকায় আসার পথে তাদের বাস আটকে দেওয়া হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সাভারের বলিয়ারপুরে আটকা রয়েছেন।