দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের সাজার প্রতিবাদে রাজধানীর নয়া পল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। শুক্রবার (৪ আগস্ট) জুমার নামাজের আগে থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই আয়োজিত এই সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুর সোয়া ১২টা থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর প্রথম মিছিলটি আসে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির। এরপর দোহার নবাবগঞ্জ উপজেলার একটি মিছিল আসে। সাভার ও আশুলিয়া থেকেও মিছিল আসে, ধামরাই থেকেও নেতাকর্মীরা অংশ নিচ্ছেন সমাবেশে। পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড-থানা থেকে মিছিল আসতে দেখা যায় সমাবেশস্থলে।
আইনশৃঙ্খলা বাহিনীর নানা সাঁজোয়া যান থাকলেও পুলিশের অবস্থান শান্তিপূর্ণ। তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে আজ শুক্রবার ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি।
বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট এবং ঢাকা জেলা ইউনিটের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
দুপুর আড়াইটার দিকে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে সড়কে পানি জমে গেছে। যান চলাচল এখনও স্বাভাবিক আছে। বৃষ্টির কারণে নেতাকর্মীরা আশপাশের ভবন, কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। তবে বৃষ্টিতে ভিজেই সভামঞ্চে কিছু নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তারা বিক্ষিপ্তভাবে স্লোগানে স্লোগানে মুখরিত রাখছেন সমাবেশস্থল।