খালেদা জিয়াকে মুক্তি না দিলে প্রায়শ্চিত্ত করতে হবে: আবদুস সালাম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে লিফলেট বিতরণ শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘সুস্থ খালেদা জিয়া হেঁটে জেলখানায় ঢুকলেন, আর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হলো। এটাই সরকারের নীলনকশার প্রমাণ। শতবার বলার পরও তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এর পেছনে সরকার কী নীলনকশা করছে তা জাতি জানতে চায়।’

তিনি বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার। যার কারণে খালেদা জিয়াকে বন্দি রেখেছে। তারুণ্যের অহংকার তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত রাখা হয়েছে। অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে।’

সালাম উল্লেখ করেন, ‘কোনও লাভ নেই, বিএনপির প্রতিটি নেতাকর্মী জিয়া পরিবারের সদস্য। কতজনকে কারাগারে নেবেন। আপনাদের (সরকার) সময় শেষ। ভালো ভালো জনগণের কাছে ক্ষমা চেয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে ক্ষমতা ছেড়ে দিন। না হলে এর জন্য আপনাদের প্রায়শ্চিত্ত করতে হবে।’

লিফলেট বিতরণকালে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন প্রমুখ।