সরকার খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শুক্রবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন-বরিশাল বিভাগ আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি কি জানেন বেগম খালেদা জিয়া কেমন আছেন, কতদিন বাঁচবেন? আপনি কি নিজে জানেন, কবে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? আপনি জানেন না। কেউ জানতে পারে না। আমার বড় বোন আমার থেকে পাঁচ বছরের বড়। তিনি কিন্তু এখনও বেঁচে আছেন। এখনও হাঁটা-চলা করছেন। আল্লাহ তাকে সেই শক্তি দিয়েছেন। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন।
তিনি বলেন, আজ দেশনেত্রী খালেদা জিয়াকে হিংসার বশবর্তী হয়ে জেলে পুরে স্লো পয়জনিং করেছেন, সেটা আপনার (প্রধানমন্ত্রী) কথায় প্রমাণ হয়েছে। আপনি তাকে হত্যার চেষ্টা করেছেন, সেটা আপনার কথায় প্রমাণ হয়ে গেছে। আপনারা (সরকার) তাকে মেরে ফেলার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। তিনি আজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কোনও সুস্থ মানুষ, কোনও বিকেকবান মানুষ এই সময় তাকে (খালেদা জিয়া) নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতে পারে না। আল্লাহর ওপর যাদের বিশ্বাস আছে, তারা কোনও দিন এ ধরনের কথা বলবে না।
বিএনপি যেখানেই সমাবেশ করেছে, সেখানেই মানুষের ঢল নেমেছে উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। তারা এই ফ্যাসিস্ট সরকারের পতন চায়। আজ সব জনগণ ঘুরে দাঁড়িয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এদেশের মানুষের পেটে লাথি মেরে আপনি আজ পরমাণু বৈদ্যুতিক কেন্দ্র, কর্ণফুলী টানেলসহ অনেক কিছু উদ্বোধন করছেন, করেন। কিন্তু এদেশের মানুষ চায় পেটে ভাত, পরনে কাপড়। যা আপনারা দিতে পারেননি। আপনাদের উন্নয়নের ইট-কাঠের মধ্যে এদেশের জনগণ পিষ্ট হয়ে গেছে। তাদের আর কথা বলার জায়গা নেই। তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।
প্রধানমন্ত্রী ভয় পাচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, আপনি ভয় পাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি ফিরে আসেন, যদি উনি রাজপথে নামেন, তবে জনগণ সেই দিকে ধাবিত হবে। আপনার তো পায়ের তলার মাটি এমনিতেই চলে গেছে! তবে কেন আপনারা এত কথা বলছেন! কেন ওবায়দুল কাদের সাহেব বোকার মতো একেকদিন একেকটা কথা বলে চলছেন! এগুলো শুনে আমাদের এখন হাসি পায়। এগুলো আমাদের শুনতে ইচ্ছা করে না।
জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন -বরিশাল বিভাগের সভাপতি অ্যাডভোকেট আলী আসগর ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল করিব আহমেদ রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম প্রমুখ।