শনিবার বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন। তবে রবিবার ভোর থেকেই বিএনপি নেতাদের বাসার সামনে অবস্থান নিয়েছে পুলিশ।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শামসুদ্দিন দিদার বলেন, ‘রবিবার ভোরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে এবং গেট ভাঙার চেষ্টা করছে। যেকোনও সময় ভেতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’
সকাল থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসার নিচে অবস্থান নিয়েছে পুলিশ।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, তার লালমাটিয়া ও বনানীর বাসায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। সকালে লালমাটিয়ার বাসায় এবং দুপুর পৌনে ১২টার দিকে বনানীর বাসায় যায় এই বাহিনী। তাকে না পেয়ে বাসার প্রতিটি রুমে তল্লাশি চালায় ডিবি পুলিশ।
এছাড়াও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসভবনে ডিবি পুলিশ অভিযান চালিয়েছে বলেও অভিযোগ এসেছে বিএনপির পক্ষে থেকে।
দলটির মিডিয়া উইং থেকে বলা হয়, ইশরাক হোসেনকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন এবং গাড়িচালক রাজিবকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, সকাল থেকেই তাদের বিভিন্ন নেতাদের বাসায় বাসায় পুলিশের তল্লাশি চলছে। তাদের অবর্তমানে বাসার রুম তল্লাশি করছে। এতে তাদের পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত।