ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যাকারীরা মানুষ নামের কলঙ্ক: রিজভী

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ‘মোহনগঞ্জ এক্সপ্রেসে’ দুর্বৃত্তদের দেওয়া আগুনে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এ ঘটনায় আহতদের দ্রুর সুস্থতা কামনা করে বলেন, ‘যারা ট্রেনে আগুন দিয়ে চার যাত্রীর প্রাণপ্রদীপ নিভিয়ে দিলো, তারা নিঃসন্দেহে মানুষ নামের কলঙ্ক।’

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘মহল বিশেষের প্রশ্রয় ব্যতিরেকে এ ধরণের মানবতাবিরোধী কাজ করা সম্ভব নয়। মূলত চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এটি কুটচাল কিনা, তা নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে।’

এটিকে ‘সুপরিকল্পিত নাশকতা’ উল্লেখ করে তিনি বলেন, ‘নাশকতাকারীরা মানবসভ্যতার শত্রুপক্ষ, এরা মানবজাতিকেই অস্তিত্বহীন করতে চায়। এ ধরনের লোমহর্ষক ও পৈশাচিক কাজ কেবলমাত্র অবৈধ ও গণবিরোধী শক্তির মদতেই হওয়া সম্ভব। আমি এই বর্বরোচিত ও হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি, ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’
  
বিএনপির এই নেতা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে আগুনে হতাহতের ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানিয়ে নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।