বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যেখানে মানুষের মন থেকে ভোট দেওয়ার আগ্রহ নাই, সেখানে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না। জনগণ একতরফা তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘একটি অবৈধ নির্বাচনের বিরুদ্ধে বিএপিসহ সব দল সংগ্রাম করছে। জনগণের ভোটের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করছি। কিন্তু হুমকি দিয়ে, ভয় দেখিয়ে জনগণকে তারা ভোটকেন্দ্রে নিতে চায়।’
আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের দুর্নীতির খবর এখন মানুষের মুখে মুখে মন্তব্য করে তিনি বলেন, ‘অবৈধ সরকারের নেতাকর্মীদের সম্পদ বাড়লেও ঋণের বোঝা পড়ছে জনগণের কাঁধে। তাদের হাত থেকে মুক্তি পেতে পাতানো নির্বাচনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’
এ সময় আরও ছিলেন– বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালিব হোসেন রতন প্রমুখ।