লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিন, একতরফা ভোট বর্জন করুন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা ‘‘শাদ্দাদের বেহেশত’’ বানিয়েছে। এখন এই বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। সেজন্য তারা ‘‘আমরা আর মামুরা‘’ নির্বাচনের আয়োজন করেছে। তাই এই লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একতরফা ভোট বর্জন করুন।’

রবিবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর মালিবাগে কাঁচাবাজার এলাকায় ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।

বিএনপির এই নেতা বলেন, ‘এই নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না।’

তিনি বলেন, ‘কেন এই নির্বাচন করছে আওয়ামী লীগ। কারণ তারা যে লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে; তারা যে আজ বিত্তবৈভবের মালিক হয়েছে সেটি তারা বজায় রাখতে চায়।’

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন, এ নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না।’

প্রচারপত্র বিলি করছেন রুহুল কবির রিজভী

এসময়  উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, রামপুরা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, যুবদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি এজমল হোসেন পাইলট, তারেক উজ জামান তারেক, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।