এটি নির্বাচন নয়, জনগণের সঙ্গে প্রতারণা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকার জোরপূর্বক একতরফা নির্বাচন করে দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এটি কোনও নির্বাচন নয়, জনগণের সঙ্গে প্রতারণা। আপনারা ভোটকেন্দ্রে যাবেন না, নির্বাচন বর্জন করুন। তাদের (আওয়ামী লীগ) বিরুদ্ধে সবাই একসঙ্গে রুখে দাঁড়ান।

বুধবার (৩ জানুয়ারি) সকালে মতিঝিল এজিবি কলোনি বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে এই কর্মসূচি পালন করছে বিএনপি।  

রিজভী বলেন, ‘অবৈধ সরকার আরও বেশি অর্থ লুট করে বিদেশে পাচার করবে। এ জন্য আবারও একতরফা নির্বাচন করতে চায়।’

লিফলেট বিতরণকালে আরও ছিলেন– কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি শোয়ায়েব খন্দকার প্রমুখ।