ভয়ে আছি, কোটার ফাঁকে অন্য অপকর্মে সরকার: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোটা সংস্কার আন্দোলন যারা করছে, তাদের দাবি-দাওয়া ন্যায্য। ‘বিএনপি এর সঙ্গে আছে’ বলে সরকার যে কথা এখন বলেছে, এসব কথা বলে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তিনি বলেন, এটা তাদের (সরকার) একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে (কোটা আন্দোলন) অন্য দিকে ধাবিত করার জন্যে।’

তিনি আরও বলেন, ‘আমরা ভয় পাচ্ছি, এটুকুই যে, এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনও অপকর্ম তারা (সরকার) করছে কিনা, এদেশের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি।’

শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস  এসব কথা বলেন। এসময় তিনি দাবি করেন, ‘শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকার অপকৌশল করছে।’

জিয়াউর রহমানের কবরে নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনতিনি আব্বাস বলেন, ‘বিএনপির এখন চ্যালেঞ্জ হচ্ছে— এই সরকারের পতন ঘটানো। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কিছুই থাকবে না। এই হায়েনা’র হাত থেকে দেশকে বাঁচাতে হবে।’

শনিবার দুপুরে মির্জা আব্বাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব ও সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসন সহাস্রাধিক নেতাকর্মীকে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে যান এবং পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, গত ৭ জুলাই বিএনপি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।