চাঁদাবাজি-দখলদারি-লুটপাট আওয়ামী সন্ত্রাসীরাই করছে: আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেভাবে ফুটপাত থেকে চাঁদাবাজি করেছে, মানুষের জায়গা-জমি দখলদারি করেছে, মানুষের বাড়িঘরে লুটপাট করেছে। এই ধরনের অপকর্ম শুধু আওয়ামী সন্ত্রাসীরাই করতে পারে। বিএনপির পরিবারের কেউ এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত না।’

মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে রাজধানীর খিলক্ষেতে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি লুটপাট, চাঁদাবাজি, দখলদারি কেউ করতে এলে তাকে আইনের হাতে তুলে দিন। যদি আমার দলের নেতাকর্মীও হয়। কোনও ক্ষমা নেই।’

বিক্ষোভ মিছিলটি খিলক্ষেত এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, মহানগর সাবেক যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সাবেক যুবনেতা এসএম জাহাঙ্গীর হোসেন, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এসএম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মো. স্বপন, মোবারক দেওয়ান, সিএম আনোয়ার হোসেনসহ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।