বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে মানুষের মন জয় করতে হবে। ভয় দেখিয়ে নয়। সবাইকে শৃঙ্খলা রক্ষা করতে হবে। গত ১৭ বছরে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আরও ত্যাগ স্বীকার করতে হবে। উশৃঙ্খলাকারী এবং দখলবাজদের প্রতিরোধ ও প্রতিহত করতে হবে।’
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত বন্যার্তের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ‘বিএনপি জনগণের দল হলেও ক্ষমতায় নেই। তারপরও আমরা দেশবাসীর আপদে-বিপদে পাশে ছিলাম, আছি এবং থাকবো। বিএনপি সারা দেশে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। বন্যার পানি চলে যাওয়ার পর শুরু হবে পুনর্বাসন কর্মসূচি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াবো।’
ত্রাণসামগ্রী বিতরণকালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘পতিত স্বৈরশাসক জনগণের ভোটে নির্বাচিত না থাকায়, দেশবাসীর কষ্টে তাদের কিছু আসে যেতো না। এরা উন্নয়নের নামে শুধু লুটপাট করেছে। এদের লুটের অর্থ জনগণের কাজেও লাগায়নি। পাচার করেছে বিদেশে। সে টাকা দিয়ে বিদেশে শতকোটি টাকার গাড়ি চালায়। হাজার কোটি খরচ করে বিলাসী বাড়ি বানিয়ে আমোদ-ফূর্তিতে ব্যস্ত। আর দেশের মানুষ অর্ধাহারে অনাহারে।’
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জমান ডাবলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন, কেন্দ্রীয় নেতা মো সুহেল রানা, সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের কামাল আহমদ, নেত্রকোনা জেলা প্রচার দলের আব্দুল বারেক শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।