বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর (রবিবার) বিএনপির সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ ও ১৫ সেপ্টেম্বর সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথ সভা শেষে তিনি এই কথা বলেন।
এজেডএম জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পর নেতাকর্মীরা নিজেদের আখের গোছানোর জন্য দেশের সম্পত্তি লুটপাট করেছে।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার ২০১৪ সালে বিনাভোটে নির্বাচন করেছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে করেছে, ২০২৪ সালে ডামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেই সঙ্গে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিব-উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কাজী সাইদুল আলম বাবুলসহ ঢাকা বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।
এজেডএম জাহিদ বলেন, আওয়ামী লীগ সরকার সংবিধানকে কাটা-ছেঁড়া করে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। আইন-আদালতকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করেছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র দিবসে ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। সেই সমাবেশ হবে অন্যতম বৃহৎ সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে তারেক রহমান অবশ্যই একটি বার্তা দেবেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বর বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের স্মরণ করতেই ১৪ সেপ্টেম্বরের সমাবেশ। সেখানে কথা বলবেন শহীদ পরিবারের সদস্যরা।’