অভ্যুত্থান হলেও দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি: আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও এখন পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি।’

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, গণতন্ত্র তখনই পরিপূর্ণ প্রতিষ্ঠা পাবে, যখন দেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ ভোট দেবেন, নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন, ঠিক তখনই বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা তা পূরণ হবে।

তিনি বলেন, যার জন্য হাজারো মানুষ প্রাণ দিয়েছে, এত রক্ত ঝরেছে সেই কাঙ্খিত গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের বাকস্বাধীনতা, সামাজিক অধিকার, দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়েই মানুষের প্রত্যাশা পূরণ হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।