খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন

উন্নত চিকিৎসা নিতে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৮ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়ন করা এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের দোহা হয়ে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে একান্ত আলাপচারিতায় তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসনকে হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ‍্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।

খালেদা জিয়া লন্ডনে পৌঁছানোর আগেই তাকে শুভেচ্ছা জানাতে হিথ্রো বিমানবন্দরের বাইরে অবস্থান নেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।

হিথ্রো বিমানবন্দরের বাইরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা

গতকাল শাহজালাল বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন গেলেন বিএনপির চেয়ারপারসন। গত সোমবার সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যে পৌঁছে ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন।

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

সফরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার চিকিৎসক, পরিবার ও কাজের সহকারী রয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন কাতারের সরকারি চিকিৎসকদের একটি দল।