তিনশ’ ফিট থেকে বর্জ্য অপসারণ করছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর তিনশ’ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানস্থলে সৃষ্ট বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে এ কর্মসূচি শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বর্জ্য অপসারণ কার্যক্রমে নিজেও অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

পরে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় বলেছেন—আমরা যা কিছুই করি, তা যেন মানুষের কল্যাণে হয়। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিএনপি এ ধরনের কার্যক্রম করছে।

আমিনুল হক আরও বলেন, যেখানে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নতুন করে মেরামত করা হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন করে সড়কের আগের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

পুরোপুরি বর্জ্য অপসারণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে তিনি জানান।