ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ (শ্যামপুর, কদমতলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর ধনিয়া কলেজ অডিটোরিয়ামে ঢাকা-৪ এর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় তিনি ইশতেহার পাঠ করেন।
তানভীর আহমেদ রবিন তার নির্বাচনি ইশতেহারে ২০টি বিষয় উল্লেখ করেছেন।
তিনি মনে করেন, এই ইশতেহারগুলো ঢাকা-৪ এলাকার মানুষের সমস্যার সমাধান হিসেবে কার্যকর হবে।
ইশতেহারের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে-
সমাজের শ্রদ্ধেয় মুরুব্বী, আলেম-উলামা, বিশিষ্টজন ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে সমস্যার সমাধানে সমন্বয় কমিটি গঠন।
জলাবদ্ধতা দূরীকরণে সংশ্লিষ্ট মন্ত্রনালয়, সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক ও জনপথের যৌথ উদ্যোগ। ভরাট ও দখলকৃত খাল পুনঃখনন ও নিয়মিত ড্রেন পরিষ্কার।
আইন-শৃঙ্খলা উন্নয়নে কমিউনিটি পুলিশ গঠন। প্রভাবশালী বা রাজনৈতিক নেতাদের দ্বারা আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে আইনের আওতায় আনা।
মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি। আশ্রয়দাতা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা।
কিশোর গ্যাং নির্মূল ও আশ্রয়দাতা প্রভাবশালীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ।
স্বাস্থ্য সেবায় পদক্ষেপ: সরকারি জেনারেল হাসপাতাল নির্মাণ এবং প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য সেবা কেন্দ্র।
গ্যাস ও সুপেয় পানি সরবরাহের জন্য পুরাতন লিকেজ লাইনের স্থলাভিষিক্ত নতুন সঞ্চালন লাইন।
যুব আত্মকর্মসংস্থান: আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু।
শিক্ষা ব্যবস্থা: চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন।
নারীর ক্ষমতায়ন ও মর্যাদা রক্ষা।
শ্রমিক অধিকার নিশ্চিতকরণ।
খেলার মাঠ, সরকারি কমিউনিটি সেন্টার, কবরস্থান ও ঈদগাহ স্থাপন।
সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: রাস্তাঘাট সংস্কার, ফুটওভার ব্রিজ।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।
সবুজায়ন: বৃক্ষরোপণ ও ছাদবাগান উৎসাহিত করা।
রাজউকের হুকুম দখলের অবমুক্তি।
খাসমহলের সমস্যা সমাধান।
যানযট নিরসন ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্পৃক্তকরণ।
সর্বস্তরের জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চিতকরণ, Tanveer Ahmed Robin নামে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে।