বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন চলচ্চিত্রের উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, আমাদের সরকার অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে আবারও চলচ্চিত্রের উন্নয়ন করবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) দুপুরে বিএফডিসির সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের আয়োজনে বিএফডিসি অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূপকল্প চলচ্চিত্র অঙ্গনে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চলচ্চিত্র অনুদান প্রথা চালু করেন। পাশাপাশি বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা করেন। তার সময়েই বিটিভি সাদাকালো থেকে রঙিনে রূপান্তর এবং বিএফডিসির আধুনিকায়নের কাজ শুরু হয়।
বিশেষ অতিথি চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, বিগত ১৭ বছরে এফডিসি ধ্বংস করা হয়েছে। বিএনপির সময়ে চলচ্চিত্রের যে অগ্রগতি হয়েছিল, তা পরবর্তীতে নষ্ট করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্র অঙ্গনের উন্নয়ন করা হবে।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অভিনেতা এবিএম সোহেল রশিদ। সঞ্চালনায় ছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।
আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আয়োজক কমিটির আহ্বায়ক চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন মিলন, সদস্য সচিব হান্নান মজুমদার, বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম, আবু হেনা বাবলু, হান্নান মজুমদার, সহ-সভাপতি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া, চিত্রনায়ক আবির চৌধুরী, চিত্রনায়ক মারুফ আকিব, যুগ্ম মহাসচিব চিত্রনায়িকা জিনিয়া, চিত্রনায়ক তানভীর তনু, জিএম সাঈদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চলচ্চিত্র পরিচালক রাজু আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক চলচ্চিত্র ব্যবস্থাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আজিজুল হক খোকা, অভিনেতা আসিফ বাবু, অভিনেতা পলাশ খান, অভিনেতা ডেঞ্জার নাসিম, ব্যবস্থাপক শাহ আলম, অভিনেতা মোহাম্মাদ হোসেন লিটন প্রমুখ।