পতিত ফ্যাসিবাদী শক্তি দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, “তাদেরকে আর ফিরতে দেয়া হবে না। আইনি ও রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিহত করা হবে।”
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল ও মৎসজীবী দলের যৌথ আয়োজনে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল ও ফকিরাপুল মোড় প্রদক্ষিণ করে।
রিজভী বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে।” তিনি বলেন, “পাচার করা টাকা দিয়ে অপশক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের রাজপথে সোচ্চার থাকতে হবে।”
তিনি বলেন, “বিগত দিনে ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ আমাদের বহু নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। অনেক নিরপরাধ মানুষ বছরের পর বছর জেল খেটেছে। জনির মতো জাতীয়তাবাদী আদর্শের সৈনিককে হত্যা করা হয়েছে। তাই দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না। সবাইকে রাজপথে থেকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির ও ছাত্রদলের সহ সভাপতি ডা. তৌহিদুল আউয়ালসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।