সম্প্রতি ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ৪৫তম স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। মঙ্গোলিয়ায় হাবিব উন নবী খান সোহেল নিজ দলের নামে বৃক্ষরোপণ করেছেন।
শুক্রবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে এ কথা জানান তিনি।
হাবিব উন নবী খান সোহেল লিখেছেন, মঙ্গোলিয়ার বুকে ন্যাশনাল পার্কে রোপণ করে এসেছি ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)’ নামের বৃক্ষটি। শত ঝড় বৃষ্টি রোদ আর তুষারপাত মোকাবিলা করে বড় হয়ে উঠুক বৃক্ষটি সময়ের গতিতে, যেভাবে অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের দলটি।
উল্লেখ্য, আইসিএপিপি’র সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয়ে মতবিনিময় করেছেন।