বিগত বছরগুলোতে বিপুল সম্পদ পাচার হওয়ায় দেশের অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা চ্যালেঞ্জের কাজ বলেও জানান তিনি।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হতে পারে বেসরকারি শিল্পখাত। তাই গার্মেন্টস শিল্পের ব্যাংক ঋণের সুদ কমানোর জন্য কাজ করছে সরকার।” এসময় রাজনৈতিক কাঠামোকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
ভঙ্গুর দেশকে নতুন করে গড়ে তুলতে জুলাইয়ের ঐক্যকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় যেই জিনিসটা দরকার, সেটা হলো ঐক্য এবং স্থিতিশীলতা। যে দেশে এত সম্পদ লুট হয়ে গেছে, যে দেশে বেকারের সংখ্যা এত বেশি— সেই দেশে সবচেয়ে বেশি যেটা দরকার, তা হলো ঐক্য। আমাদেরকে সেই ঐক্য গড়ে তুলতে হবে।” তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িতদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক বলেও জানান মির্জা ফখরুল।