ফেরাউনের রাজত্ব ফিরে এলে কেউ রেহাই পাবেন না: বিরোধীদলকে রিজভী

বিরোধী দলের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ‘ফেরাউনের রাজত্ব’ আবার ফিরে এলে কেউ রেহাই পাবেন না। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের কিছু কর্মকাণ্ডে আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদের’ পুনরুত্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘আপনারা কাদের আমন্ত্রণ জানাচ্ছেন? শেখ হাসিনার সেই ফেরাউনের রাজত্ব আবার ফিরে এলে আপনারা রেহাই পাবেন? কেউ রেহাই পাবেন না। আপনারা আবার সেই লেডি ফেরাউনের পুনরুত্থান দেখতে চাইছেন।’

বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাদের বক্তব্যে শেখ হাসিনার ‘আওয়াজ’ পাওয়া যাচ্ছে। সেখানে গণতন্ত্র, শান্তি ও সহাবস্থানের সুর নেই বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘মনে হচ্ছে, আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী প্রবণতা ছিল, তারই প্রভাব দেশের কিছু বিরোধী দলের মধ্যে দেখা যাচ্ছে। তারা যেন এখনই ক্ষমতায় যেতে চায়।’

জ্বালানি সংকট প্রসঙ্গে

জ্বালানি সংকট নিরসনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেছেন। মালয়েশিয়াতেও তিনি এ বিষয়ে কথা বলেছেন।

তিনি দাবি করেন, জ্বালানি খাতে বরাদ্দের বাইরে সরকার আরও ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে গ্যাস ও ডিজেল আমদানি করছে।

ডিজেলের দাম প্রসঙ্গে রিজভী বলেন, প্রতি লিটার ডিজেল কিনতে সরকারের প্রায় ২০৫ টাকা খরচ হয়। এতদিন ১৩৫ টাকা দরে বিক্রি করায় প্রতি লিটারে প্রায় ৭০ টাকা ভর্তুকি দিতে হতো বলে দাবি করেন তিনি।

ভারতে ডিজেলের দাম বাংলাদেশের তুলনায় কম থাকায় দেশে ভর্তুকি দিয়ে কম দামে ডিজেল বিক্রির সুযোগে চোরাচালানের আশঙ্কা তৈরি হচ্ছিল বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ডিজেলের দাম ২০ টাকা বাড়িয়ে বর্তমানে ১৩৫ টাকা করা হয়েছে।