অসহায় ব্যক্তিকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরে অসহায় লকাই বিশ্বাসের পরিবারের জন্য নবনির্মিত নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।

পাশাপাশি অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার অংশ হিসেবে দুস্থ নারীদের সেলাই মেশিন এবং কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসনের গাজিরটেকের চর সর্বান্দিয়া এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবি হস্তান্তর করেন– বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এ ছাড়া ১০ অসহায় নারীর কাছে সেলাই মেশিনসহ কয়েকটি পরিবারকে কর্মসংস্থান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন– ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোরদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন-সহ স্থানীয় নেতারা।