প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান রহমান বলেছেন, ‘মানবসেবী কর্মকাণ্ডের মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সিক্ত এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় স্থাপিত বাংলাদেশে মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্ত।’
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সেবামূলক কাজ নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। একটু চেষ্টা, একটি উদ্যোগ- এই সংকল্পে জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন সব সময় বাংলাদেশের সর্বত্র প্রতিটি মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।’
এর আগে ফাউন্ডেশন আয়োজিত আইডিয়া ফেস্ট প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চেক ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দল।
উল্লেখ্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ১৯৯৯ সালের ১৮ অক্টোবরযাত্রা শুরু করে। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে এটি প্রতিষ্ঠা করেন।
‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ স্লোগানকে ধারণ করে গরীব এবং অসহায় মানুষের কাছে ছুটে যায় জেডআরএফ। ইতিমধ্যে মানবসেবার অসংখ্য দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে সারা দেশে ব্যাপক পরিচিতি ও সুনাম লাভ করেছে সংগঠনটি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।