জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যে কর্মসূচি পালিত হলো বায়তুল মোকাররমে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ সাহানে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

মাহফিলে পবিত্র কোরআন খতম শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করা হয়। 

এ সময় দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। খবর: বাসস