ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে বিএনপি। এতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালাম, আর সদস্যসচিব করা হয়েছে তানভীর আহমেদ রবিনকে।
রবিবার (৮ নভেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এ কমিটিতে আহ্বায়ক ছিলেন রফিকুল ইসলাম মজনু। আর সদস্য সচিব পদে ছিলেন তানভীর আহমেদ রবিন। তিনি তার পদে বহাল থাকলেও আহ্বায়ক থেকে বাদ পড়েছেন রফিকুল ইসলাম মজনু।
এর আগে, গত ১ নভেম্বর মহানগর উত্তরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি। এতে আহ্বায়ক করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে। আর সদস্য সচিব হন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।