মাদক প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকেই: ইশরাক হোসেন

মাদক নির্মূলে শুধু সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্যন ও সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, ‘মাদক প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকেই।’ 

তিনি আরও বলেন, ‘মাদক কারবারি ও বিক্রেতারাই সমাজের মূল শত্রু। তাদের চিহ্নিত করে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। এ ক্ষেত্রে কোনও ভয়ভীতি বা আপসের সুযোগ নেই।’ 

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর মুগদা স্টেডিয়ামসংলগ্ন মাঠে আল-মাদানী সেবা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ১৬তম আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, ‘বাংলাদেশের অন্যতম বড় সমস্যা এখন মাদক। এটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের বিরূপ প্রভাব সমাজে পড়ছে এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের প্রবেশ ঘটছে, যা পরবর্তী প্রজন্মকে পিছিয়ে দিচ্ছে।’ 

তিনি বলেন, ‘সন্তানদের পারিবারিক শিক্ষা ও শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। তারা কার সঙ্গে মিশছে, কার সঙ্গে কথা বলছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার সঙ্গে যোগাযোগ করছে, সেদিকে নজর রাখতে হবে। কোনও অসৎ সঙ্গের কারণে তারা বিপথে যাচ্ছে কি না, তা খেয়াল রাখতে হবে। মাদক প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকেই।’ 

তিনি বলেন, ‘বাংলাদেশ জনবহুল দেশ। এখানে শুধু সরকার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মাদক সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ জন্য জনগণকে এগিয়ে আসতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে।’ 

ইশরাক বলেন, ‘যারা ইতিমধ্যে মাদকের পথে চলে গেছে, তারা মূল লক্ষ্য নয়। যারা দেশে মাদক নিয়ে আসছে, ছড়িয়ে দিচ্ছে, চোরাকারবারি করছে এবং বিক্রি করছে, তারাই মূল শত্রু। তাদের চিহ্নিত করতে হবে। এ ক্ষেত্রে কোনও ভয়ভীতি রাখা যাবে না।’ 

মাদক কারবারিদের পেছনে বিভিন্ন সময় রাজনৈতিক ও প্রশাসনিক মদদ থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন এলাকার মাদক সিন্ডিকেটগুলো অনেক শক্তিশালী। তবে জনগণ পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধ হলে তাদের প্রতিরোধ করা সম্ভব। সবাইকে মাঠে নেমে মাদক কারবারিদের কঠোর হাতে দমন করতে হবে। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।’ 

ইশরাক আরও জানান, তিনি নীতি ও আদর্শ নিয়ে আগামী দিনে কাজ করতে চান। অন্যায়ের সঙ্গে কোনও ধরনের আপস করবেন না। পদ-পদবি নয়, নীতি ও আদর্শ ঠিক রাখাই গুরুত্বপূর্ণ। দেশের ও জনগণের জন্য কাজ করে যেতে সবার দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।