পতিত ফ্যাসিস্টরা পাশের দেশের মদদে আবারও ক্ষমতায় আসতে চায়: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিস্টরা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি করছে। পাশের দেশের মদদে আবারও ক্ষমতায় আসতে চায়। তবে পেছনের দরজা দিয়ে নৈরাজ্য তৈরির চেষ্টাকে জনগণ সফল হতে দেবে না।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ক্ষমতায় এসে ফ্যাসিস্টরা আবারও ব্যাংকের টাকা পাচার করবেন। অথচ তাদের মন্ত্রী-এমপিরা ঠিকই সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, কানাডায় ও দুবাইতে বিলাসী জীবন যাপন করবেন। ওই সুখের স্বর্গ তাদের আর কোনোদিন আসবে না।’   

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি নিয়ে তিনি বলেন, ‘এই কমিটি নিয়ে দক্ষিণ মহানগর শক্তিশালী হবে। জীবন বাজি রেখে সবাই কাজ করেছে দলের জন্য। তারা দলের দায়িত্বে থাকলে দল ঠিক থাকবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আব্দুস সালাম বলেন, ‘আগামীতে যত ষড়যন্ত্রই হোক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব পরিস্থিতি মোকাবিলা করা হবে।’  

আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সাবেক সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।