নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন: রিজভী

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাস্তায় রাস্তায় পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জাতীয় শয়তানদের চলাচলের ওপর নজর রাখতে বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় পাহারা দেবেন।

রবিবার (২২ নভেম্বর) বিকালে নয়াপল্টনে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ জাতীয় শয়তান— সংসদে এমন আইন করা উচিত। এখন থেকে তাদের জাতীয় শয়তান হিসেবে বিবেচনা করা হবে। আর শয়তানের কোথাও কোনও জায়গা নেই।’

তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম মানবতা ও ভালোবাসা নেই। রাজনীতি মানেই তারা মনে করে মানুষ খুন করা এবং যারা তাদের বিরুদ্ধে আছে, তাদের ধ্বংস করে দেওয়া।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশের জনগণ সত্য, ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে। যারা জনগণের সঙ্গে দুশমনি করেছে এবং জাতীয় শয়তান হিসেবে বিবেচিত, তাদের এ দেশে নতুন করে রাজনীতি করার কোনও সুযোগ নেই।

তিনি আরও বলেন, যারা অপরাধ করছে, আগুন লাগাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় এনে আইনসম্মতভাবে বিচার করতে হবে।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সবাইকে নিষ্ঠুরভাবে দমন করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তবে এই রক্তচোষা জোঁকদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।