প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘কেউ টকশোতে আওয়ামী গণহত্যাকারীদের পক্ষে বয়ান উৎপাদন না করলে তো আমার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেখানোর কথা নয়। গোপালগঞ্জের আগুনসন্ত্রাসীদের পক্ষে যারা কথা বলছে, যারা নড়াইল ও ফরিদপুরে আমার ভাইদের খুনিদের পক্ষে কথা বলছে, আমি তো তাদের বিরুদ্ধে বলেছি। আমি তো কোনও ভালো মানুষের বিপক্ষে বলি নাই, খারাপ মানুষের বিরুদ্ধে কঠিন ভাষায় কথা বলেছি, কিন্তু এতে কারও কারও কষ্টের কারণটা আমি বুঝলাম না। আমি তো তাদের ভালো মানুষ ও গণহত্যার বিরোধী মানুষ হিসেবেই জানি।’
রবিবার (২২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন।
তিনি লেখেন, ‘যেহেতু গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। সুতরাং অপরাধীদের পক্ষে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে আমার শক্ত অবস্থান থাকবে, ইনশাআল্লাহ। গণঅভ্যুত্থানের বাকিদের কী অবস্থান সেটাও দেখার অপেক্ষায় থাকলাম। দেখি রক্তের প্রতি দায়বদ্ধতা থেকে টকশোতে সহ-আলোচক হিসেবে গণহত্যাকারীদের রাজনীতির পক্ষে বয়ান উৎপাদনকারীদের বর্জন করে কি না। আমার স্পষ্ট কথা, যাদের ন্যূনতম মনুষ্যত্ব আছে, তারা ছলেবলে কিংবা কোনও কৌশলে শেখ হাসিনার মতো খুনির পক্ষে অবস্থান নিতে পারে না।’
এর আগে রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রাশেদ খাঁন। সেখানে তিনি বলেছিলেন, ‘টকশোতে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে সহআলোচকরা তাদেরকে জুতা দিয়ে পেটাবেন।’