হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর কয়েকজন কেন্ত্রীয় নেতা। তবে তারা বেগম জিয়ার সাক্ষাৎ পাননি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে ফিরে এসেছেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আমির নুরুল ইসলাম বুলবুলসহ কয়েকজন এভার কেয়ারে যান। জামায়াতের প্রভাবশালী একাধিক নেতা কেবিন ব্লকে গেলে তারা বেগম জিয়ার সাক্ষাৎ পাননি। পরে নিচে নেমে একটি ফেসবুক পেজে লাইভ করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এ সময় তিনি বলেন, আমরা বেগম জিয়াকে দেখতে এসেছিলাম। কিন্তু তার রুমে যাওয়া হয়নি। তার শারীরিক অবস্থা খুব সংকটাপন্ন। আমরা তার সুস্থতা কামনা করি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং বা মেডিক্যাল স্টাফদের কেউ মন্তব্য করতে রাজি হননি।