‘একটি দল বা সরকারের একক সিদ্ধান্তে সংবিধান সংশোধনের বিপক্ষে জামায়াত’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, একটি মাত্র দল বা সরকারের একক সিদ্ধান্তে সংবিধান সংশোধনের বিপক্ষে তার দল। এর জন্য দুই-তৃতীয়াংশ মেজরিটি থাকতে হবে। বিরোধী দলেরও মতামত নিতে হবে।

আর মৌলিক বিষয়ে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট হতে হবে এবং এটি যেন রাষ্ট্রের জন্য হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় ১৪তম দিনের সংলাপের মধ্যাহ্নে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন

ডা. তাহের বলেন, কিছু সংখ্যক দল ছাড়া আমরা বেশিরভাগই দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত। তবে এক্ষেত্রে পিআর পদ্ধতির ব্যাপারে জোর দেওয়া হয়েছে।

অপরদিকে সংসদে নারী আসন ১০০ করার পক্ষেও মত দিয়েছে জামায়াত। তবে সেখানেও সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে বলে তিনি জানান।

বিফিংয়ে জামায়াতের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।