গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পুলিশ ও সেনা সদস্যদের মারপিটে আহত হয়েছেন বলে অভিযোগ করেছে তার দল। যদিও শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় পাঠানো বিবৃতিতে জামায়াত জানিয়েছেন, নুরুল হক জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন।
জামায়াতের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা প্রকাশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।’
বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর বিজয়নগরে আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি অন্যতম জুলাই যোদ্ধা নুরুল হক নুরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা এ মর্মান্তিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমরা আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর এই হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি। জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের হামলা ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়।
অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
এদিকে সমবেদনা জানাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি নুরুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতারা।