ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের সঙ্গে নির্বাচনি কাজে যুক্ত এক কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বাতেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি। অভিযোগের সঙ্গে ছবি ও ভিডিও সংযুক্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির দাবি জানানো হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদের কাছে দেওয়া অভিযোগে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী প্রকৌশলী (পুর) মো. কামরুল হাসানকে। তিনি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা-১৬ আসনের মনোনীত বিএনপি প্রার্থী আমিনুল হকের বাসায় গোপন বৈঠক করেন (ছবি ও ভিডিও সংরক্ষিত পেনড্রাইভ সংযুক্ত)। নির্বাচনি দায়িত্বে থাকা অবস্থায় একজন প্রার্থীর বাসায় গোপন বৈঠক করা দণ্ডনীয় অপরাধ; যা তিনি করেছেন।
আবদুল বাতেন বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রার্থীর সঙ্গে সখ্য বজায় রাখলে একটি আসনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাকে তাৎক্ষণিক বদলি করে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণগভো অনুষ্ঠিত হবে।