জুলাইয়ের কর্মসূচি বাস্তবায়নে ১১ দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান পরওয়ারের

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের সব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দলগুলোকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।” 

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। 

পরওয়ার বলেন, “৩৬ দিনের কর্মসূচির প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। আগামী ৪ জুলাই সারা দেশে গণমিছিল সফল করতে হবে।”  

সভাপতির বক্তব্যে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ জুলাই চেতনাকে জাগ্রত রাখতে ১১ দলের নেতাকর্মী ও দেশবাসীকে সব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। 

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরদার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান হোসাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ঢাকা মহানগর সভাপতি জিয়াউল আনোয়ার, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।