দেশে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর সিদ্ধান্তকে জনবিরোধী আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
রবিবার (২ আগস্ট) এক বিবৃতিতে তিনি সরকারের এ সিদ্ধান্তের নিন্দা জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর মধ্যে গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়িয়ে ভোক্তাদের ওপর নতুন করে ব্যয়ের চাপ সৃষ্টি করা হয়েছে। এতে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।
তিনি বলেন, সরকার দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর প্রভাব নিত্যপণ্যের বাজারেও পড়েছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণির মানুষের আয় না বাড়লেও ব্যয় বেড়েই চলেছে, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
বিবৃতিতে তিনি অবিলম্বে এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।
তিনি আরও বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব উৎপাদন খাতসহ সামগ্রিক অর্থনীতিতে পড়বে। তাই দেশের চাহিদা পূরণে এলএনজি আমদানির উদ্যোগ জোরদার করার পাশাপাশি এলপিজির বাড়তি দাম প্রত্যাহার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।