তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন জামায়াত আমির

তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন দলটির প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম। ওই সম্মেলনে যোগ দিতে বুধবার (৭ অক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করবেন জামায়াত আমির।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য সম্মেলনটি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে আয়োজন করছে। সম্মেলনে বাংলাদেশ, তুরস্ক এবং অন্যান্য দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
  
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তুরস্কের সম্মেলনে অংশগ্রহণ শেষে জামায়াতের আমির সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন। এরপর ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।