বিরোধীদলীয় নেতাকে নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ, যা বললেন হামিদুর রহমান আযাদ 

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিষয়ে অভিযোগের তির ছুঁড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিরোধী দল জুলাইকে ধারণ করে না। তাই আমন্ত্রণ পেয়েও ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি বিরোধীদলীয় নেতা।’

সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বর্তমান বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা অবশ্যই সরকারের বিরোধিতা করবে। তবে তা হওয়া উচিত গঠনমূলক। তাদের যদি আমাদের সঙ্গে একই মঞ্চে বসায় আপত্তি থাকে, চাইলে তো শহীদ পরিবারের সঙ্গেও বসতে পারতেন। অথচ তারা ভোট দেওয়ার কারণেই তো আমরা সরকারে, আর তারা বিরোধী দলে।’ 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের আগে নিশ্চয়ই বর্তমান বিরোধী দল ও জনগণের কাছে গিয়েছে। আমরাও গিয়েছি। জনগণই সিদ্ধান্ত নিয়েছে, আগামী পাঁচ বছর কারা রাষ্ট্র পরিচালনা করবেন। সে হিসেবে তারা হয়তো বিএনপিকে সরকারে বসিয়েছে। আবার বিরোধী দলকেও সেভাবে সমর্থন দিয়েছে। আমরা মনে করি আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে।’

এদিকে বিরোধীদল ও বিরোধীদলীয় নেতাকে নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগের কড়া জবাব দিয়েছেন এগারো দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বাংলা ট্রিবিউনকে হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিএনপি সরকার গঠনের পর থেকেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে, এখনও তা অব্যাহত রয়েছে। তারা এখন বিভিন্নভাবে জনগণকে বিভ্রান্তি করছে। আজ উনি (প্রধানমন্ত্রী) যা বলছেন, এটাও একটা প্রতারণা। তাদের কারণেই তো জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না।’

হামিদুর রহমান আযাদ প্রশ্ন তুলে বলেন, ‘আজ যে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে এর মধ্যে দিয়ে কি মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে? জুলাই সনদ বাস্তবায়ন হয়েছে? অনুষ্ঠানে গেলেই জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যায় বা জুলাইকে ধারণ করা হয়, এটা ওনাকে (প্রধানমন্ত্রী) কে বললো?’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জামায়াতের এই নেতা বলেন, ‘জাতির সঙ্গে মুনাফেকি করে বিরোধী দলের ওপর দায় চাপানো একটা অনুষ্ঠানে যাওয়া না যাওয়া নিয়ে, এসব ভাঁওতাবাজি জাতি বোঝে না?’