রাজধানীতে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক ও মাদক উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন।
পোস্টে জামায়াত আমির লেখেন, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮৪ নারী-পুরুষকে আটক করেছে ডিবি পুলিশ। একইসঙ্গে বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনা থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান আরও লেখেন, আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের ঘটনা জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের কথা তুলে ধরে তিনি লেখেন, এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত। পোস্টে তরুণদের আরেকবার জেগে ওঠার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সোমবার রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এ অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে আইস, ইয়াবা, গাঁজা, কুশ, মদ ও সিসাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করা হয়।
এরপর মঙ্গলবার পুলিশ সদর দফতরের এক অফিস আদেশে আবদুল্লাহ আল জহিরকে সদর দফতরের অন্য শাখায় সংযুক্ত করা হয়।