পিরোজপুরে লাশ দাফনে বাধা: অভিযোগ তদন্তে কমিটি করলো জামায়াত

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা নিয়ে আলোচনা-সমালোচনার পর এ ঘটনা তদন্ত করতে কমিটি গঠন করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

বৈঠক শেষে দলের মিডিয়া সেল থেকে জানানো হয়, বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কিনা তা কমিটি তদন্ত করে দেখবে। এ ব্যাপারে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়।

ঘটনা তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, দুই সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও নূরুল ইসলাম বুলবুল।

কমিটি আগামী তিন (০৩) দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও জানিয়েছে জামায়াত।

মানিক পশারী পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় মেয়ের বাড়িতে তার মৃত্যু হয়। পরে তাকে গার্ড অব অনার দিতে এবং লাশ দাফনের জন্য পিরোজপুরে নেওয়া হয়। তবে মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ উল্লেখ করে তাকে গার্ড অব অনার দেওয়া ও লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। 

দীর্ঘ সময় পর গভীর রাতে মুক্তিযোদ্ধা স্ত্রী, মেয়ে ও বোনেরা কবর খুঁড়ে তাকে দাফন করেন। এই সংবাদ প্রকাশের পর সারা দেশেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার নিন্দা জানান বিশিষ্টজন ও রাজনীতিকরা।