সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত: জামায়াতের শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৭ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় জামায়াত সেক্রেটারি বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ সাত বাংলাদেশির নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করছি।

শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, হে মহান রব! তাদের প্রিয়জন হারানোর এই অসহনীয় শোক ও বেদনা সহ্য করার তাওফিক দান করুন। একইসঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।