জাপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

শনিবার (১ জানুয়ারি) জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) মিলনায়তনে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শুক্রবার (৩১ ডিসেম্বর) জাতীয় পার্টির সূত্র এ তথ্য জানিয়েছে।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের হাত ধরে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালের ১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে দল গঠনের ঘোষণা করেন তিনি। ১৯৮৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এরশাদ পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

শনিবার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের । অনুষ্ঠানে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপিসহ শীর্ষ নেতারা অংশ নেবেন।