জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, তার দল কোনও জোট নিয়ে ভাবছে না। আগামী জাতীয় নির্বাচনের জন্য তিনশ’ আসনেই প্রার্থিতা চূড়ান্ত করার কাজ করছে জাতীয় পার্টি। তিনশ’ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপির সভাপতিত্বে ফেনী জেলা জাতীয় পার্টির নেতার সঙ্গে এক মতবিনিময় সভায় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি এ কথা বলেন।
চুন্নু আরও বলেন, ‘দেশ ও দেশের মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন করতেই জাতীয় পার্টির রাজনীতি।’ আগামী নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন প্রমুখ।