জাতীয় পার্টির (জাপা) আয় ও ব্যয় দুটোই বেড়েছে। তবে দলটির আয়ের তুলনায় ব্যয় বেড়েছে বেশি। বৃহস্পতিবার (২৭ জুলাই) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে দলটির জমা দেওয়া ২০২২ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব থেকে এমন চিত্র পাওয়া গেছে।
২০২১ সালের তুলনায় ২০২২ সালে দলটির আয় বেড়েছে ১০ শতাংশ। বিপরীতে ব্যয় বেড়েছে ৫০ শতাংশের বেশি।
ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে হিসাব জমা দেওয়ার পর জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, গত পঞ্জিকা বছরে (২০২২) আমাদের আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮টাকা। আর ব্যয় হয়েছে ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। আয়-ব্যয়ের পরে আমাদের ব্যাংকে স্থিতি আছে ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা।
দলটির দেওয়া তথ্যমতে, এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ১৯ লাখ ২৯ হাজার ৮১৪ টাকা (৯ দশমিক ২ শতাংশ)। আর ব্যয় বেড়েছে ৪৩ লাখ ৬৯ হাজার ৪০৮ টাকা (৫১ শতাংশ)।
গত বছর (২০২১ পঞ্জিকা বছর) ব্যাংক জমাসহ দলটির আয় ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা ছিল। ব্যয় করেছে ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। স্থিতির পরিমাণ ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা।
দলগুলো মনোনয়ন ফরম বিক্রি, প্রকাশনা বিক্রি ইত্যাদি খাত থেকে আয় করে। আর ব্যয় করে প্রচার কার্যক্রম, অফিস কর্মচারীদের বেতনসহ নানা খাতে।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) শর্ত অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।