দিল্লির উদ্দেশে জিএম কাদেরের ঢাকা ত্যাগ

ভারতের দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। রবিবার (২০ আগস্ট) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হন তিনি। আগামী ২২ আগস্ট তিনি ঢাকায় ফিরবেন, বলে জাপার একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানান।

জাতীয় পার্টির সূত্র জানায়, তিন দিনের ভারত সফরে জি এম কাদেরের সঙ্গে তার সহধর্মিণী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেরিফা কাদের ও দলের আন্তর্জাতিক–বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলাও রয়েছেন।

দিল্লি সফর নিয়ে জিএম কাদের দুদিন আগে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জানান, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তার দিল্লি সফর। সেখানে তিনি দেশের আগামী নির্বাচন ও জাতীয় পার্টির অবস্থান নিয়ে কথা বলতে পারেন।