জাতীয় পার্টি থেকে সেন্টু ও ইয়াহ ইয়াকে অব্যাহতি

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও ভাইস চেয়ারম্যান ইয়াহ ইয়া চৌধুরীকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত করা হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশক্রমে পার্টির চেয়ারম্যান সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগর উত্তরের মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছেন সেই সঙ্গে মো. শফিকুল ইসলাম সেন্টু ও ইয়াহ ইয়া চৌধুরীকে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ভাইস চেয়ারম্যান পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন, যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

এর আগে রবিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় দলের সমালোচনা করে বক্তব্য দেন শফিকুল ইসলাম সেন্টু। তিনি পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দল পরিচালনায় ব্যর্থতা, স্বজনপ্রীতি ও দলের মনোনীত প্রার্থীদের প্রতি অবহেলা ও নির্বাচনে বরাদ্দ করা অর্থ না দেওয়ার অভিযোগ করেন।

জাপার নেতা কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়ের বহিষ্কার করায় শীর্ষ নেতাদের উদ্দেশ করে সেন্টু বলেন, পার্টিতে বহিষ্কার ও আঘাতপ্রাপ্ত নেতা বেশি হয়ে গেছে। আঘাতপ্রাপ্ত ও বহিষ্কার হওয়া নেতারা একজোট হয়ে গেলে আপনাদের টিকে থাকা মুশকিল হয়ে যাবে। আর আমি নিজে জাতীয় পার্টিতে থাকবো কি থাকবো না, সেটা শিগগিরই জানিয়ে দেবো। আমাকে বহিষ্কার করা লাগবে না।