সংসদে আসন কম থাকলেও জাতীয় পার্টি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে সক্ষম বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘ওয়েট অ্যান্ড সি। দেখেন, আমরা কী করতে পারি পার্লামেন্টের মধ্যে। সরকারকে জবাবদিহি করতে বাধ্য করার জন্য যা যা করা দরকার, পার্লামেন্টে আমরা তাই করবো।’
বুধবার (১৭ জানুয়ারি ) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা আসন কম পেয়েছি। কাঙ্ক্ষিত আসন পাইনি। যেটুকু আসন পেয়েছি, সেটা দেশের মানুষের স্বার্থে, বিশেষ করে বিরোধী হিসেবে পার্লামেন্টে আমাদের ভয়েজ উচ্চস্বরে থাকবে, জনগণের পক্ষে। সরকারকে জবাবদিহি করতে বাধ্য করার জন্য আমাদের যা যা করা দরকার, পার্লামেন্টে আমরা তাই করবো। পার্লামেন্টে ২০, ৪০, ৫০ জন এমপি থাকলে লাভ নেই, যদি সরকারের ত্রুটিগুলো তুলে ধরতে না পারেন।’
নেতাদের বহিষ্কারের প্রসঙ্গে চুন্নু বলেন, ‘দলে মূল নেতা যিনি থাকবেন, তিনি ড্রাইভ করবেন। এরপর এই ট্রেনে অনেকে উঠবেন-নামবেন। এটা কোনও বিষয় না। এটা কোনও ক্ষতিকর বিষয় না। অনেক সময় অভিজ্ঞতা বেশি হলে, দলের নেতৃত্বকে মানতে চায় না, এতে দলের অনেক ক্ষতি হয়। নেতৃত্বের প্রতি যদি আস্থা না থাকে, তাহলে সেই অভিজ্ঞতার মূল্য নেই।’
‘দ্বাদশ নির্বাচন কিছু কিছু ক্ষেত্রে সুষ্ঠু হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে সুষ্ঠু হয়নি’, মন্তব্য করে জাপা মহাসচিব বলেন, 'নির্বাচনে আমাদের অনেক সমস্যা হয়েছে। বিভিন্ন মহল আমাদের আশ্বস্ত করেছিল—নির্বাচনটা ফেয়ার হবে। কিন্তু তারা কথা রাখেনি। কোনও কোনও আসনে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনও কোনও আসনে সুষ্ঠু হয়নি।’
নির্বাচন সুষ্ঠু হয়নি এমন দাবিতে জাপা থেকে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, জানতে চাইলে মুজিবুল হক চুন্নু বলেন, ‘হ্যাঁ, আমরা ব্যবস্থা নিচ্ছি। মামলা করছি, প্রতিবাদ করছি, পার্লামেন্টে বলবো—এগুলো ব্যবস্থার অংশ। আমরা যেসব জায়গায় বলছি—নির্বাচন ফেয়ার হয়নি, এটাও একটা ব্যবস্থা, একটা প্রতিবাদ। ব্যবস্থা এমন না যে সবগুলো বাতিল, যারা পাস করছে তারাও।’