শরীয়তপুরে সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলার ঘটনায় আইনি ব্যবস্থার দাবি এনসিপির

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলার ঘটনায় আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘ক্ষমতাসীনদের একাংশ গণমাধ্যমের ন্যূনতম স্বাধীনতায় বিশ্বাস করে না।’

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন তিন সাংবাদিক। তারা হলেন জাহিদ হাসান (ডেইলি স্টার), বিধান মজুমদার (নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও জাগো নিউজ) ও বরকত মোল্লা (মানবকণ্ঠ)।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘জুলাই আন্দোলনের পর নতুন বাংলাদেশে কোনও রাজনৈতিক দলের ক্যাডারতন্ত্র, ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না। সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত করা এবং মিডিয়াকে পিটিয়ে সোজা করার হুমকি দেওয়া দেশের সামগ্রিক বাক-স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর এক মারাত্মক আঘাত।’

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ এখনো ফ্যাসিবাদী মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। বিচারহীনতার সংস্কৃতির সুযোগ নিয়ে যারা সাংবাদিকদের ওপর হাত তোলার দুঃসাহস দেখায়, তারা মূলত সমাজ ও রাষ্ট্রকে আবারও স্বৈরাচারী অন্ধকার যুগে ঠেলে দিতে চায়। এনসিপি অবিলম্বে শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলাকারী বিএনপি নেতা আরিফুজ্জামান মোল্লাসহ জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে সাংবাদিকদের অবাধে সত্য সংবাদ প্রকাশের নিরাপদ পরিবেশ ও আইনগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।