‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের হাতে পিস্তল নিয়ে মাদক কারবারে জড়িত সন্দেহে কয়েকজনকে ধাওয়া করার ভিডিও প্রকাশের পর প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাক ভাইয়ের কাছে নাকি?’

মঙ্গলবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে ‘মাদকের আস্তানায়’ আকস্মিক অভিযান চালান প্রতিমন্ত্রী ইশরাক। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

অভিযানের ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেন প্রতিমন্ত্রী। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে এক হাতে পিস্তল ও অন্য হাতে মাইক্রোফোন নিয়ে কয়েকজনকে ধাওয়া করছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে থাকা লোকজন কয়েকজনকে আটকে ফেলেন। কয়েকজন দৌড়ে পালিয়ে যান।

একপর্যায়ে আটক ব্যক্তিদের উদ্দেশে প্রতিমন্ত্রী ইশরাক বলেন, ‘পুরা শহরটারে ধ্বংস করতাছোস, পুরা এলাকারে ধ্বংস করতাছোস।’ পরে কয়েকজনকে আটক করে থানায় ফোন দিতে বলেন তিনি।

এর আগে ২০২৫ সালের ২৯ জুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগ থেকে গুলির ম্যাগজিন উদ্ধার করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। 

মূলত সেই প্রসঙ্গ টেনেই প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে খোঁচা দিলেন এনসিপির এই নেতা।