মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনে পদত্যাগের খবরের ঘটনায় ‘বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন’ বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ।
রবিবার (১৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।
স্ট্যাটাসে হাসনাত লেখেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া।’
তিনি লেখেন, ‘এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেন ভালো হয়েছে সেটি। মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন। এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী জনাব পার্থের (তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ) পদত্যাগ দাবি করা। এই মিডিয়া ক্যুর পেছনে ওনার হাত আছে কি-না খতিয়ে দেখা উচিত।’